মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১১:৫৬:১৫ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়-এর ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাওলানা ইয়াকুব আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মজিবুর রহমান ও পলাশ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন মোহাম্মদ আব্দুল বারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাছুরা খাতুন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, মজিবুর রহমান, মোস্তফাজামান ও রশিদুজ্জামান। দিনব্যাপী শিক্ষার্থীরা কবিতা, নাচ, গান ও আবৃত্তিসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।





















