প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ১:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের নতুন করে আরোপিত শুল্ক আজ (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপ করে। তবে সর্বশেষ আলোচনার পর বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে বাংলাদেশি পণ্যে আগে থেকেই গড়ে ১৬.৫ শতাংশ শুল্ক ছিল। নতুন বাড়তি শুল্ক যোগ হওয়ায় এখন মোট শুল্কহার দাঁড়াচ্ছে ৩৬.৫ শতাংশ।
অন্যদিকে ভারতের ওপর চাপ আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্প এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, “আমেরিকা বিশ্বের কাছ থেকে যেভাবে বাণিজ্য সুবিধা পেয়েছে, তা অনুপাতে নয়। আমাদের আরও বেশি লাভবান হওয়া দরকার।”
শুল্ক কার্যকর হওয়ার মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন – “এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!”
এই ঘোষণার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে নতুন শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার কোষাগারে বিপুল অর্থ প্রবাহিত হবে।
ট্রাম্প প্রশাসন গত মাসে বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়ে জানায়, দেশগুলো চাইলে ৭ আগস্টের মধ্যে আলোচনার মাধ্যমে চুক্তি করতে পারবে। সেই সময়সীমা শেষে আজ থেকেই নতুন শুল্ক কার্যকর হলো।
বিশ্বের অনেক দেশ এই সুযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে উঠে পড়ে লাগে। যদিও ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন, “আমেরিকা বিশ্ব বাণিজ্যে ন্যায্য সুযোগ পাচ্ছে না।”
এই শুল্কনীতির প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হবে এবং বাংলাদেশি রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্প কিভাবে এতে প্রভাবিত হবে, তা সময়ই বলে দেবে।





















