সারাদেশ

মেহেরপুর-১ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা রোমানা আহমেদ

  মেহেরপুর প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ২:৫৭:০৬ প্রিন্ট সংস্করণ

মেহেরপুর-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ। দলীয় ও স্থানীয় রাজনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে রোমানা আহমেদ বলেন, দলের বৃহত্তর স্বার্থ এবং সাংগঠনিক ঐক্য অটুট রাখার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন,
“আমি বিএনপির আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই সক্রিয় থাকব। দলের যেকোনো কর্মসূচিতে আমার ভূমিকা অব্যাহত থাকবে।”

রোমানা আহমেদের এই সিদ্ধান্তে মেহেরপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, রোমানা আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে বিশেষ অবস্থান তৈরি করেছেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর রোমানা আহমেদের পক্ষে একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করে। এরপরই নারী প্রার্থী হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

দলীয় সূত্র জানায়, রোমানা আহমেদের এই সিদ্ধান্ত দলের প্রতি তার আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতিফলন। ভবিষ্যতে তার দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন দল করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

আরও খবর

Sponsered content