সারাদেশ

নির্বাচনের আগে ৮ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি

  মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২১:৩৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে ৮ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে এসব বদলি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল এবং পুলিশের বিশেষ শাখা (এসবি)-এর অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডিতে এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে জিএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজির অতিরিক্ত ডিআইজি মো. রাশীদুল হাসানকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়ার অ্যান্টি টেররিজম ইউনিটে বদলির পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম সুষ্ঠু রাখার লক্ষ্যে এই বদলি কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content