নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৮ আগস্ট ২০২৫ , ১:২৩:১১ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যানের পাটাতনের নিচে লুকানো ৯০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে নজির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার নজির উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
মাধবপুর থানার ওসি শহীদ উল্ল্যাহ বলেন,“গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”




















