সারাদেশ

মাধবপুর-চুনারুঘাটে ১ কোটি ৬ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৪:১৯:২৫ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটসহ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও মাদকের মোট সিজার মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ৫৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। এ সময় সড়কের পাশে থাকা একটি সন্দেহজনক ড্রাম ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকের বালির নিচে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

এদিকে, সিন্দুরখান, সাতছড়ি ও তেলিয়াপাড়া বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content