সারাদেশ

জুতার সোলের ভেতরে লুকানো ছিল প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ

  আবু হানিফ রানা, চট্টগ্রাম ব্যুরো: ৬ জুন ২০২৬ , ১০:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিটি গেইট পুলিশ চেকপোস্ট এলাকা থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) সকালে সিটি গেইট পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একটি যাত্রীবাহী বাসে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো হয়। পরে তল্লাশি চালিয়ে তার দুই পায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম রাজীব ধর (৫৩)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। বর্তমানে নগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন প্রায় ৯৩০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব ধর স্বীকার করেন, স্বর্ণের বারগুলো বিদেশ থেকে চোরাইপথে চট্টগ্রামে আনা হয়েছিল। তিনি এগুলো সংগ্রহ করে রাজধানীর তাঁতীবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তবে স্বর্ণের বারগুলোর কোনো বৈধ কাগজপত্র বা ক্রয় রসিদ তিনি দেখাতে পারেননি।

পুলিশ আরও জানায়, চোরাচালান চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড রোধে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content