মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৬ , ১২:৩২:৫১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর ধামইরহাটে ছাগল করলা ক্ষেতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর এক রাতেই এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়শিবপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাগল করলা ক্ষেতে ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পূর্ববিরোধের জেরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে আবুল কাশেমের মৃত্যু হয়। তার স্ত্রীকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য আহতদের জয়পুরহাটে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পরে পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাকিবুল ইসলাম (২৮), আবদুল হাকিম (৬০), কাফিল উদ্দিন (৬৫), আখলেমা (৩৫), হামিদা বেগম (৩৮), ফরিদা বেগম ও জিয়াসমিন (২১)।
শনিবার (৩ অক্টোবর) গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় একটি চাকুও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ পেশাদারত্বের সঙ্গে কাজ করছে।





















