নিজস্ব প্রতিনিধি: ১২ আগস্ট ২০২৫ , ২:৩৫:১৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তফিকুল ইসলাম (তফি)কে জাল সনদপত্র ব্যবহারের অভিযোগে পদ থেকে অব্যাহতি দিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়। অভিযুক্ত তফিকুল ইসলাম বাঘা পৌরসভার চক-আমদপুর গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
সূত্রে জানা গেছে, একজনের অভিযোগের ভিত্তিতে শিক্ষা বোর্ড তদন্ত চালিয়ে তফিকুল ইসলামের জমা দেওয়া স্নাতক (ডিগ্রি) সনদ ভুয়া প্রমাণিত পায়। এরপর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নতুন সভাপতির নাম প্রস্তাব করে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, জেলা শিক্ষা অফিসারের তদন্তে সনদ জাল প্রমাণিত হওয়ায় সভাপতির পদ বাতিল করা হয়েছে।
এ বিষয়ে বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, “অফিসিয়ালি চিঠি পাইনি, তবে বিভিন্ন মাধ্যমে শুনেছি।”
বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. ফ. ম. হাসান জানান, “আমি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আদেশ পাইনি।”





















