আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৭

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৬ , ১২:০০:০৩ প্রিন্ট সংস্করণ

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে যাওয়ার আগে প্রশিক্ষণ চলাকালে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় পড়া বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে মহড়া চালাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্ক এলাকায় উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা জেনেছি যে আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।’ তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং জানান, নিহতদের মধ্যে অগ্নিনির্বাপণ, পুলিশ ও সিভিল প্রোটেকশন বাহিনীর সদস্যরা রয়েছেন।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভাও এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে আছি।’

নিহতদের একজন, পুলিশ কর্মকর্তা জার্মান বিদেলার ঘনিষ্ঠ বন্ধু ও স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা জানান, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তার সঙ্গে বিদেলার কথা হয়েছিল। পরে উদ্ধারকারী দলের সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, হেলিকপ্টারটি ‘হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক।’

দুর্ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে, অস্ট্রিয়ার প্রায় সমান আয়তনের আধা-শুষ্ক অঞ্চল লা রিওহা প্রদেশে সপ্তাহের শুরু থেকেই একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনেই কয়েকশ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে।

আরও খবর

Sponsered content