প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৪:২৭ প্রিন্ট সংস্করণ
টানা ভারী বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি তৈরি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছেন নগরীর গভর্নর চ্যাডচার্ট সিত্তিপান্ট। শনিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংককে টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে। নগরীর কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটারের বেশি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, সপ্তাহান্তজুড়ে বজ্রঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
গভর্নর চ্যাডচার্ট সিত্তিপান্ট বলেন, চলমান পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সম্পদেরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির অবনতির আশঙ্কায় সরকার খাল ও জলাধারের কাছাকাছি বসবাসকারী মানুষকে সতর্ক করেছে। বাসিন্দাদের গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদ রাখতে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ব্যাংককের বেশ কিছু সড়কে গাড়ি পানিতে ডুবে থাকতে দেখা গেছে। এ সময় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো পানিবন্দি মানুষকে সহায়তা করছে।
এদিকে, ব্যাংকক সিটি প্রশাসন জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার মাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





















