আন্তর্জাতিক

ইউক্রেনে শপিং সেন্টারে রুশ হামলা, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ২:২৮:২৩ প্রিন্ট সংস্করণ

ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংস হওয়া একটি ব্যস্ত শপিং সেন্টারের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। শুক্রবারের ওই হামলায় এখন পর্যন্ত ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান আরও দুই দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্ডার হানঝা শনিবার জানান, রাতভর ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। তিনি বলেন, ধ্বংসযজ্ঞের ব্যাপকতা এবং নতুন করে রুশ হামলার আশঙ্কার কারণে উদ্ধার অভিযান শেষ করতে আরও দুই দিন সময় লাগতে পারে।

শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের আরও সাতটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ক্রিভি রিহে পাঠানো হয়। প্রায় ৯ হাজার বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে ৫২ জন এখনও শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৪ জন শিশু। ক্রিভি রিহের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানান, আহতদের কয়েকজনের ইতোমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে।

হামলার ঘটনায় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে শোক দিবস পালন করা হচ্ছে।

বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, প্রথম ড্রোন হামলার পর আগুনে জ্বলতে থাকা শপিং সেন্টারে দ্বিতীয় একটি ড্রোন আঘাত হানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “নির্লজ্জ ও নিন্দনীয়” বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, দ্বিতীয় ড্রোনটি ঘটনাস্থলে উদ্ধারকাজে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে হামলা চালায়।

ভিলকুল হামলাকারীদের তীব্র নিন্দা করেন। রাশিয়ার সামরিক কর্তৃপক্ষ এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। অন্যদিকে রুশ হামলায় ইউক্রেনে আরও কয়েকজন নিহত হয়েছেন।

জেলেনস্কি জানান, শুক্রবার রাত থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় একটি শহুরে মিনিবাসে ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন। কিয়েভ অঞ্চলেও পৃথক রুশ হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা ডিএসএনএস।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা ইউক্রেনের ৪৫৭টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি বন্দর শহরে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও দুই প্রাপ্তবয়স্ক আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ। পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের বিমান হামলা ও গোলাবর্ষণে আরও দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওজোনও জানিয়েছে, ওই অঞ্চলে তাদের একটি গুদাম প্রথমবারের মতো হামলার শিকার হয়েছে।

 

আরও খবর

Sponsered content