সারাদেশ

মান্দায় মোটরসাইকেল-অটোর মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

  নওগাঁ প্রতিনিধি ৭ আগস্ট ২০২৬ , ১১:৪৭:৫৮ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আতিকুল ইসলাম ওরফে আকাশ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর ইসলাম (২৫) নামে অপর একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে শাপলা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার গণেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের ট্রাক্টরচালক আশরাফুল ইসলামের ছেলে। তিনি সতীহাট বাজারের ‘দিগন্ত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম’-এ ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত সাগর ইসলাম একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের মালামাল সরবরাহ করে মোটরসাইকেলে সতীহাটে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোচার্জার ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে অ্যাম্বুলেন্সেই আকাশের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি আকাশ বিয়ে করে সতীহাট এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেছিলেন। বৃহস্পতিবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহতের বাবা আশরাফুল ইসলাম বলেন, তার ছেলে পরিবারের জীবিকার জন্য ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য আসেনি। তবে নিহতের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করলে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রযোজ্য সরকারি আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা যাবে।

আরও খবর

Sponsered content