সারাদেশ

বিরামপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২জন নিহত, আহত ৬

  মো. শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ১১:৫৩:০৩ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস (নাইট কোচ) ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন। অপরজন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেলেও, রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বালুবাহী একটি ট্রাকের চাকা পাংচার হলে সেটি সড়কের একপাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিটেজ পরিবহনের একটি স্লিপার বাস চন্ডিপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত ছয়জনকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে তা স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content