প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:১৪:২৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার লেকের বেইলি ব্রিজ থেকে শুরু করে কয়েকটি স্থানে নিজ হাতে মাছের পোনা ছাড়েন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা।
এর আগে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিরাজ করছে উৎসবের আমেজ।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।















