মো. রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু প্রতিনিধি: ৪ এপ্রিল ২০২৬ , ১১:৪৯:৫২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার শাখারিদহ গ্রামে চার বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো— একই গ্রামের শরিফুলের ছেলে রিফাত ও আউয়ালের ছেলে রয়েল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল দুপুরে শাখারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে অভিযুক্তরা কৌশলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে নির্জন স্থানে তার ওপর নির্যাতনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন সকালে শিশুটির মা গোসল করাতে গেলে সে ব্যথার কথা জানায়। পরে শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয়।
পরিবারের দাবি, অভিযুক্তরা শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে চাপ দেয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















