অপরাধ

রুহিয়ায় ডিবি পরিচয়দানকারী যুবককে গণপিটুনি, এএসআই প্রত্যাহার

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১১:২১:৩২ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সঙ্গে থাকা ডিবি পুলিশের পরিচয়দানকারী এক যুবককে স্থানীয়রা আটক করে মারধর করেছেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অভিযানে অংশ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে রুহিয়া থানাধীন আখানগর ফার্ম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদা পোশাকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ওই এলাকায় এসে একটি কুমড়া সংরক্ষণাগারে প্রবেশ করেন। সেখানে কয়েকজন যুবক মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজনের মোবাইল ফোন পরীক্ষা করেন এবং অনলাইন জুয়ার অভিযোগ তোলেন।

স্থানীয়দের দাবি, মোবাইল ফোনে তল্লাশি চালিয়েও কোনো অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। এরপরও একজন যুবককে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান এবং পরিচয়পত্র দেখতে চান।

স্থানীয়দের ভাষ্যমতে, কালাম নামে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। অন্যদিকে সঙ্গে থাকা রুহিয়া থানার এএসআই রুবেল রানা সরকারি পরিচয়পত্র প্রদর্শন করেন।

পরে উত্তেজিত জনতা কালামকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় কুমড়া ব্যবসায়ী মুসা অভিযোগ করেন, ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি অতীতেও তাকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা সোহেল ইসলাম, বিশ্বাস রায়সহ কয়েকজন দাবি করেন, একটি চক্র বিভিন্ন পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান বলেন, “থানার অনুমতি ছাড়াই এএসআই রুবেল রানা একজন সোর্সকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে কয়েকজনের মোবাইল পরীক্ষা করা হলেও কোনো ধরনের অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি। পরে স্থানীয়রা সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে মারধর করেন।”

তিনি আরও বলেন, “বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলা ও অনুমতি ছাড়া অভিযানে অংশ নেওয়ার অভিযোগে এএসআই রুবেল রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আহত কালামকে চিকিৎসা শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযানের বৈধতা, ডিবি পরিচয়দানকারী ব্যক্তির ভূমিকা এবং অনুমতি ছাড়া অভিযানে অংশ নেওয়ার বিষয়গুলো নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content