জাতীয়

বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে চট্টগ্রাম সফর করলেন মার্কিন রাষ্ট্রদূত

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৯:১১:০৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ মঙ্গলবার চট্টগ্রাম সফর করেছেন। তিনি তার প্রথম চট্টগ্রাম সফরে ব্যবসায়িক ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন উচ্চমানের গমের আমদানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

এরপর তিনি যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন, যেখানে মার্কিন কৃষিপণ্যের উৎকৃষ্ট মান তুলে ধরেন এবং বাণিজ্য ও পরিবহন-সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে আসা বিএসআরএম স্টিল ও পাহাড়তলী টেক্সটাইল মিলস পরিদর্শন করেন। সফরের মাধ্যমে তিনি তুলে ধরেন কীভাবে মার্কিন উদ্ভাবন বাংলাদেশের শিল্পখাতের প্রবৃদ্ধিতে অবদান রাখছে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নতুন আমেরিকান কর্নার পরিদর্শন করেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন।

চট্টগ্রাম ওয়ার সেমেটারিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের পাইলট অফিসার উইলিয়াম বি. রাইসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

চট্টগ্রামের জনগণের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সুযোগ এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা আরও গভীর করার মাধ্যমে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের এই সফর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও শক্তিশালী করেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আরও খবর

Sponsered content