প্রচ্ছদ

শৈলকুপায় জমি বিরোধে পরিবার অবরুদ্ধ, থানায় অভিযোগ

  প্রতিনিধি ২৮ জুন ২০২৫ , ১১:৩৭:০০ প্রিন্ট সংস্করণ

লোহার তারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহমুদা খাতুন শৈলকুপা থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, প্রতিবেশী ভাদু মণ্ডলের ছেলে মানিক ও তার সহযোগীরা রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশের রাস্তায় পিলার পুঁতে লোহার তারের বেড়া দেন। এতে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।

মাহমুদা খাতুন বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। গ্রাম্য সালিশের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি আবারও সালিশের উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু সালিশ হওয়ার আগেই মানিক আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে লোহার তারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়। বাধা দিলে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”

এ বিষয়ে অভিযুক্ত মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের পথে বেড়া দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content