রাজনীতি

আবুল কাসেম ফজলুল হক স্মরণে এক আলোচনা সভা

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ২:২৪:৫১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এর প্রধান উপদেষ্টা, লেখক, গবেষকআবুল কাসেম ফজলুল হক স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০টার দিকে আবুল কাসেম ফজলুল হকের জীবনদর্শন ও সাম্প্রতিক রাজনীতি বিষয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

এদিন সভায় সভাপতিত্ব করেন এম এ আলীম সরকার।

সভাপতির বক্তব্যে এম এ আলীম বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা। তিনি অত্যন্ত সহজ-সরল সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। একইসঙ্গে তিনি সভ্যভদ্র, বিনয়ী এবং মানবপ্রেমী একজন মানুষ ছিলেন। তার মতো মহৎ হৃদয়ের মানুষ বর্তমান বিশ্বে বিরল।

শৈশব থেকেই তিনি দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবতেন। চতুর্থ শ্রেণিতে থাকাকালীন ভাষা আন্দোলনের সময় অন্যদের সঙ্গে তিনিও “রাষ্ট্রভাষা বাংলা চাই , নুরুল আমিনের কল্লা চাই” এই স্লোগান দেন। তখন থেকেই তার রাজনৈতিক জীবনের সূচনা। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করতেন এবং পরবর্তীতে মাও সেতুঙের আদর্শে অনুপ্রাণিত হন।

তিনি বলেন, আবুল কাসেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশক শিক্ষকতা করেছেন। আবুল কাসেম ফজলুল হক তার লেখা ও কথায় কৃষক-শ্রমিক, মজলুম ও মেহনতির মানুষের মুক্তির কথা লিখেছেন । ২০২৩ সালের ২৫ আগস্ট বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি) নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। তিনি নিজেই এ পার্টি ঘোষণা করেন এবং তাত্ত্বিক ও প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন।

তিনি আরও বলেন, অধ্যাপক ফজলুল হক শিক্ষা ক্ষেত্রেও ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেননি, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তার শ্রেণিকক্ষ ও বাসা ছিল জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল পাঠশালা।

এম এ আলীম সরকার বলেন, আজকের সমাজে যখন মানবিক মূল্যবোধ নানা সংকটের মুখোমুখি, তখন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জীবনাদর্শ আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস। তার কর্ম, চিন্তা ও ত্যাগ নতুন প্রজন্মকে মানবসেবায় উদ্বুদ্ধ করবে বলে তিনি মনে করেন।

এদিনের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু জিএস ডা. মুস্তাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য।

আরও খবর

Sponsered content