মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ৪:৩৩:৫৩ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলায় ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ষষ্ঠীরাম সাহা (৭০) শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নাকোল গ্রামের মৃত নন্দলাল সাহার ছেলে। আহতরা হলেন—তার স্ত্রী নমীতা রাণী সাহা (৫৫), পুত্রবধূ সম্পা রাণী সাহা (৩৮) এবং নাতনি শ্রেয়া সাহা (৬)।
নিহতের ছেলে সুমন সাহা জানান, রবিবার সকালে অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথে কুপুড়িয়া-মাঙনডাঙ্গা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সামনে বসে থাকা তার বাবা গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্য তিনজনও আহত হন।
তিনি আরও জানান, প্রথমে আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তার বাবাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, চিকিৎসার জন্য যাওয়ার পথে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়, এতে চারজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠীরাম সাহার মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















