নিজস্ব প্রতিবেদক: ১৬ জুন ২০২৬ , ৪:৫০:০৩ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট (এফবিডিএস)-এর উদ্যোগে এবং ‘সৎ পথের পথিকরা’ সংগঠনের সহযোগিতায় ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এফবিডিএসের প্রতিষ্ঠাতা পরিচালক ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিডিএসের উপদেষ্টা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ, তেলিখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বদরুল আলম, প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জের সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, শিক্ষিকা রওশন আরা বেগম ও রাহেলা বেগমসহ অনেকে।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, “প্রকৃতির হাত ধরে আসুন গড়ে তুলি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
এ সময় এফবিডিএস কোম্পানীগঞ্জ শাখার পরিচালক আবু হামজা সাইফ বলেন, “একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান” স্লোগানকে ধারণ করে আগামী দিনগুলোতেও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।















