প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ৩:৪২:৪৭ প্রিন্ট সংস্করণ
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশদের ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে সফরকারীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। সিরিজে ১-১ ব্যবধানে সমতা থাকায় আজ যারা জিতবে তারাই ট্রফি ঘরে তুলবে।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩৮ রান তোলে আয়ারল্যান্ড। টিম টেক্টরকে বোল্ড করে এই জুটি ভাঙেন শরীফুল ইসলাম। টেক্টর ১০ বলে ১৭ রান করেন।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। সর্বোচ্চ ২৭ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন আরেক ওপেনার ও দলনেতা স্টার্লিং।
বাংলাদেশ বোলারদের দাপটে আইরিশ আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। গ্যারেথ ডেলানি ১৯ রান করে শরীফুলের দ্বিতীয় শিকার হন।
বাংলাদেশ বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।
বাংলাদেশ একাদশে ৩টি পরিবর্তন এসেছে। শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন ঢুকেছেন। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।




















