শেখ শোভন আহমেদ: ১১ মার্চ ২০২৬ , ১২:৫০:২৫ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এ কর্মসূচির সূচনা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার হোসেন মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এম মাহবুবুর রহমান, কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ, আনসার-ভিডিপি সদস্য, স্কাউটস, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিত অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।
এ বছরের জাতীয় প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















