সারাদেশ

নির্বাচনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার : ৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়-এর সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। কোথাও অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “যেখানে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, সে অনুযায়ী প্রস্তুতি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

রংপুর বিভাগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। রংপুর বিভাগে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

সীমান্ত এলাকার নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পর্যাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। সাধারণত সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয় না, তবে পরিস্থিতির প্রয়োজনে সেখানে সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।

এ সময় গতকাল রাতে একটি মিডিয়া হাউজ থেকে ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনী, র‌্যাব, বিজিবি এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content