আন্তর্জাতিক

অস্থায়ী যুদ্ধবিরতি না মানার ঘোষণা ইরানের

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৫:৫৯:০৭ প্রিন্ট সংস্করণ

ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে—লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত। একে ইরানের রেডলাইন বলে উল্লেখ করেন তিনি।

সাইদ খাতিবজাদেহ বলেন, ‘আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। সংঘাতের চক্র এখানে সম্পূর্ণভাবে এবং অনন্তকালের জন্য শেষ হওয়া উচিত।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জলপথ ঐতিহাসিকভাবেই খোলা রয়েছে। এটি ইরানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, তবে দীর্ঘদিন ধরে উন্মুক্ত।’

তিনি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে; তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য এবং বিস্তৃত অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান। একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।

এদিকে ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই বলেও জানা গেছে।

আরও খবর

Sponsered content