মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ১১:০৬:০৩ প্রিন্ট সংস্করণ
প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে পড়েছে রাজশাহী ও আশপাশের এলাকার মানুষ, বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের জনগোষ্ঠী। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রাজশাহীতে তাপমাত্রা আরও কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতিও তীব্রতর হচ্ছে।
ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে রাজশাহী মহানগরী ও সংলগ্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। অনেক যানবাহন ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুররা। কুয়াশা ও শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোর থেকেই তাদের কাজে বের হতে হচ্ছে।
অটোরিকশাচালক মোহাম্মদ ইউসুফ বলেন, “এই শীতে কাজ করা খুব কষ্টের। ঠান্ডায় বের হওয়াই যন্ত্রণার। গত দুই–তিন দিন রোদের দেখা নেই, তবুও রোজগারের জন্য বাইরে বের হতে হচ্ছে।”
তালাইমারী মোড়ের চা দোকানি রফিকুল ইসলাম বলেন, “আগের দিনের তুলনায় শীত আরও বেড়েছে। সকালে রাস্তায় লোকজন কম ছিল, এখন ধীরে ধীরে মানুষ বের হচ্ছে। এই ঠান্ডায় বাইরে কাজ করা খুব কঠিন।”
রাজশাহী রেলস্টেশন এলাকায় দেখা গেছে, কিছু ছিন্নমূল ও অসহায় মানুষ পলিথিন ও সারের বস্তা গায়ে জড়িয়ে শুয়ে আছেন। কেউ কেউ হালকা আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে বাঁচার চেষ্টা করছেন। তারা মূলত রেলস্টেশন এলাকাতেই অবস্থান করেন এবং সারাদিন রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সাহায্য সংগ্রহ করেন।
এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ও সক্ষম মানুষের প্রতি শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা জোরদার করা হলে এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তারা মনে করছেন।




















