সারাদেশ

সাতক্ষীরা-২ আসনে জামায়াতপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের বিশাল মোটরসাইকেল র‍্যালি

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২২ নভেম্বর ২০২৫ , ১১:১১:২৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের উদ্যোগে একটি বিশাল মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক নিজেই র‍্যালির নেতৃত্ব দেন।

র‍্যালিটি বাইপাস সড়ক হয়ে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেলের সমন্বয়ে সাজানো র‍্যালিতে সাতক্ষীরা সদরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। রাস্তায় দাঁড়িয়ে পথচারী ও স্থানীয় জনতাও হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। পুরো মোটরসাইকেল বহর জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত ছিল এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে র‍্যালি সম্পন্ন হয়।

নেতাকর্মীদের উদ্দেশে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “আমাদের লক্ষ্য নৈতিক মানুষ গঠন ও সাতক্ষীরাকে একটি উন্নত শহরে পরিণত করা। জনগণের ভোটে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।”

তিনি আরও বলেন, “তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, সাতক্ষীরাবাসী এবার সত্যিকার জনগণের প্রতিনিধিকে বেছে নেবেন। আমি নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে কাজ করব।”

র‍্যালিতে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, আসন পরিচালক সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক, শহর আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোফারফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content