প্রচ্ছদ

মান্দায় ব্যতিক্রমী গুণীজন সংবর্ধনা: সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা পেলেন বহুজন

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৫ , ৮:৪২:৫৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দা উপজেলায় সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং পেশাগত দায়িত্বে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শ্রেণিপেশার গুণীজনদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ব্যতিক্রমী এই আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান শিপন, মান্দা থানার ওসি মনসুর রহমান, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, জেলা প্রেসক্লাব সভাপতি রায়হান আলম ও কবি-সাহিত্যিক আশরাফুল হক পলাশ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,

“সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তারাই প্রকৃত গুণীজন। এই সম্মাননা তাদের নিঃশব্দ অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

আলোচনা শেষে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গ্রামপুলিশ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ নিয়ে রচিত নতুন সংস্করণ বই এবং ‘জলসিঁড়ি’ শিরোনামে একটি মননশীল সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ জন অসহায় মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া হয়।

এই আয়োজনটি শুধুমাত্র সম্মাননা প্রদান নয়, বরং একটি সমাজবদ্ধ ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content