প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৬ , ১১:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ
দুই সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হতেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এর আগে সর্বশেষ গত সোমবার স্বর্ণের দাম বেড়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সেই হিসাবে আজ থেকে ২২ ক্যারেটে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। গতকাল যা ছিল ৫ হাজার ৫৪০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ১৪ দফা।





















