সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি মালামাল বিক্রির অভিযোগ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ ৬ জানুয়ারি ২০২৬ , ৮:০৩:৩৬ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন আসবাবপত্র ও বই অনুমোদন ছাড়াই বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টিকে ‘চুরি’ হিসেবে আখ্যায়িত করেছেন মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক গত সোমবার বিকেলে বিদ্যালয়ের ব্যবহৃত পুরাতন ৪০টি লোহার বেঞ্চ, ৪০টি কাঠের বেঞ্চ, ৪টি লোহার দরজা, ৪টি কাঠের দরজা এবং প্রায় ১৭৪ কেজি পুরাতন বই স্থানীয় একটি ভাঙারি দোকানে বিক্রি করেছেন। এ বিষয়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী মুসলিম মিয়া জানান, প্রধান শিক্ষক দপ্তরি রিপনকে পাঠিয়ে তাকে স্কুলে ডেকেছেন এবং দর-কষাকষির পর প্রতি কেজি ৩৭ টাকা দরে মালামাল কিনেছেন।

মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান বলেন, “সরকারি মালামাল বিক্রির জন্য উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে কমিটি ও টেন্ডার প্রক্রিয়া রয়েছে। এর ব্যত্যয় হলে এটি স্পষ্টতই চুরি হিসেবে গণ্য হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে পারবেন না।”

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content