প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ২:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।
তানিয়া খাতুন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা এবং একটি জাতীয় পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কাজ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি সাখাওয়াত হোসেনের সঙ্গে তানিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তানিয়া স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্বামীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করেন এবং টাকা না দিলে সংসার করবেন না বলে জানান—এমন অভিযোগও মামলায় করা হয়েছে। একপর্যায়ে তিনি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান।
মামলার নথি অনুযায়ী, বিষয়টি পারিবারিকভাবে এবং স্থানীয় সালিশের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। পরে লিগ্যাল এইডের মাধ্যমেও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।
এ ঘটনায় স্বামী সাখাওয়াত হোসেন যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। আদালতের তদন্তের পর তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। পরবর্তী সময়ে সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ায় মঙ্গলবার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, যৌতুক আইনের ক্ষেত্রে নারী-পুরুষ সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি চাওয়া হয়েছে।
তবে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলায় করা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হওয়ার আগে সেগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।





















