আইন-আদালত

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় ৪ আসামি রিমান্ডে

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৩৮:০২ প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অস্ত্র আইনের মামলায় আসামি তানভীর আবেদীন বাবু ওরফে খোকনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

রিমান্ডে যাওয়া অপর তিন আসামি হলেন মজিবুর রহমান, জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির এবং কবির হোসেন।

গত ৩০ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে ধানমন্ডি ১২ নম্বর সড়কের ‘ডিঙ্গী’ রেস্টুরেন্টের সামনে দিয়ে মো. খোরশেদ আলম (৫০) নামের এক বেকারি ব্যবসায়ী ৩৮ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে তার গতিরোধ করে এবং টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় চিৎকার শুনে ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করে তানভীর আবেদীন ও মো. মজিবুর রহমানকে হাতেনাতে আটক করেন। আটকের পর তানভীরের দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।

পরে মজিবুরের দেওয়া তথ্য মতে তাকে নিয়ে অভিযানে গিয়ে দক্ষিণখান থানা এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এবং মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট এলাকা থেকে কবির গ্রেপ্তার হয়।

ছিনতাইয়ের ঘটনায় খোরশেদ আলম এবং অস্ত্র উদ্ধারের মামলায় ধানমন্ডি থানার এসআই সাইফুল ইসলাম গত ৩১ আগস্ট মামলা দায়ের করেন। ওইদিনই জাকির হোসেন, কবির হোসেন ও তানভীর আবেদীনকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে রিমান্ড শুনানির দিন আজ ঠিক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বাবন উদ্দিন ছিনতাইয়ের মামলায় এবং অস্ত্র মামলায় একই থানার আরেক এসআই জালাল উদ্দিন ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। অপর তিন আসামিকেও রিমান্ড শুনানি উপলক্ষ্যে আদালতে হাজির করা হয়। পরে আদালত এ আদেশ দিয়েছেন।

আরও খবর

Sponsered content