অপরাধ

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় দুইজন গ্রেফতার

  কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৪:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আব্দুল করিমের (৪০) হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রংপুর জেলার পাগলাপীর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মামলার আসামি মিষ্টু মিয়া ওরফে আনারুল ইসলাম (৪৫) এবং তার ছেলে সন্দেহভাজন আদম আলী।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত আজিম উদ্দিনের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আব্দুল করিম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ওসি লুৎফর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

Sponsered content