হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত আলোচিত নারী পর্যটক ধর্ষণ মামলার পলাতক আসামি মো. নাসির (২৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ দল।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা। গত ২৩ মার্চ বিকেলে তিনি এক পরিচিত ব্যক্তির সঙ্গে সিএনজিযোগে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যার দিকে চা বাগানের ভেতরে অবস্থানকালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় সঙ্গী পালিয়ে গেলে ভুক্তভোগীকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে। এর আগে গত ২৮ মার্চ একই মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।