সারাদেশ

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০৮ জন।

আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া চার মাস বয়সী শিশুটির বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রতনপুর এলাকায়। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম নিয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১৭ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন।

আরও খবর

Sponsered content