অপরাধ

সুপারির বস্তায় গাঁজা পাচার, ভূরুঙ্গামারীতে নারীসহ আটক ২

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৭:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুনের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় হাতেনাতে মোছাঃ মমতা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাথরডুবী সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারির বস্তার মধ্যে লুকিয়ে ঢাকাগামী একটি নৈশ কোচে নেওয়ার চেষ্টা করছিলেন।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং এর চালককেও সহযোগী হিসেবে আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুন্তাসির মামুন মুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content