মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১১ ডিসেম্বর ২০২৫ , ৩:০৫:২৭প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ফারুক হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর ) বিকেল ৩টা ৩০ মিনিটে পাউশগাড়া গ্রামের বরেন্দ্র পাতার পার্শ্ববর্তী হাকিমপুর, বিরামপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানান, হাকিমপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ সুজা মিয়া সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, বিকেল ৩টা ৫ মিনিটে ঘটনাস্থল থেকে আসামি ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির ডান প্যাঁচ থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে মোট ৭টি পাতা, প্রতিটি পাতায় ১০টি করে, সর্বমোট ৭০ পিচ ট্যাপেন্টাডল (Tapentadol Tablets 100mg ও Topee 100mg) ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় হাকিমপুর থানায় এফআইআর নং-৪, তারিখ ১০ ডিসেম্বর জি আর নং ২২২/২০২৫ মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।