মো. কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৫ এপ্রিল ২০২৬ , ১০:৫১:৩৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল মিয়ার সঙ্গে তার স্ত্রী জেসমিন বেগমের কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত ২২ এপ্রিল সন্ধ্যায় তিনি স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। এ সময় সেখানে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। অভিযুক্তদের মধ্যে স্ত্রী জেসমিন বেগম, তার ভাই মিজানুর রহমানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। রুবেলের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের পরিবার শনিবার (২৫ এপ্রিল) ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”




















