নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি হাফেজিয়া মাদ্রাসার যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার করার অভিযোগে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
মৈনম ইউনিয়নের ‘ডাকাতের মোড়’ এলাকায় অবস্থিত হযরত আয়েশা সিদ্দীকা (রা.) নূরানী ও হাফেজিয়া মাদ্রাসাকে ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোকাররম হোসেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মেহেদী হাসানকে জানান, ওসি তার সঙ্গে জরুরি কথা বলতে চান। পরে তিনি থানায় গেলে আর ফিরতে দেওয়া হয়নি এবং কোনো ওয়ারেন্ট ছাড়াই একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, প্রভাবশালী মহলের চাপেই এ গ্রেপ্তার হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, গত ৩০ মার্চ প্রতিপক্ষ বেলাল উদ্দিন মণ্ডল ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মালামাল চুরির অভিযোগে মামলা দায়ের করেন। তবে এলাকাবাসীর দাবি, মামলায় উল্লেখিত সিমেন্টের খুঁটি ও জিআই তার ঘটনাস্থলেই পড়ে আছে, যা মামলাটিকে প্রশ্নবিদ্ধ করছে।
এদিকে মাদ্রাসার প্রধান ফটকে বেড়া দিয়ে ঘিরে রাখায় শিক্ষার্থীদের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বালক-বালিকা ও নারী শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্যদিকে মামলার আসামি প্রবীণ শিক্ষক হাফেজ আবু বক্কর সিদ্দিক অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। একদিকে ছেলের গ্রেপ্তার, অন্যদিকে প্রতিষ্ঠানের সংকটে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছে পরিবার।
এলাকাবাসীর অভিযোগ, বাদী পক্ষ তাদের সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরও প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি দখলের চেষ্টা করছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই মোকাররম হোসেন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, গ্রেপ্তারকৃত শিক্ষকের মুক্তি এবং মাদ্রাসার যাতায়াত পথ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ।