সারাদেশ

বিজয়নগরে ১১ দপ্তরে কর্মকর্তা সংকট, সেবায় ধীরগতি

  শাহনেওয়াজ শাহ, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ১০ এপ্রিল ২০২৬ , ১১:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তীব্র জনবল সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলার ৩৩টি সরকারি দপ্তরের মধ্যে অন্তত ১১টিতে নিয়মিত কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে জনসেবায় ধীরগতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে।

উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে বর্তমানে অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে কার্যক্রম চলছে। এসব দপ্তরের মধ্যে রয়েছে—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সাব-রেজিস্ট্রার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সহকারী প্রকৌশলী (বিএডিসি) এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।

খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক দপ্তরের দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সময়মতো সব অফিসে উপস্থিত থাকতে পারছেন না। ফলে প্রয়োজনীয় ফাইল নিষ্পত্তি ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে সেবা নিতে এসে সাধারণ মানুষকে বারবার অফিসে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি কাজ সম্পন্ন করতে কয়েকদিন ধরে অফিসে ঘুরতে হচ্ছে। নির্দিষ্ট কর্মকর্তা না থাকায় সময়মতো সেবা না পেয়ে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হচ্ছে।

উপজেলার সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। নতুন করে জনবল নিয়োগ না হওয়ায় বিদ্যমান কর্মকর্তাদের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, যা তাদের কর্মদক্ষতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ অবস্থায় দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। জনসেবার স্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলাবাসী।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সখিনা আক্তার বলেন, “আমি নতুন যোগদান করেছি। জনবল সংকটের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content