সারাদেশ

বাঙ্গাবাড়ি সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

  মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৬ জুন ২০২৬ , ২:১৫:১৩ প্রিন্ট সংস্করণ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় দুই দিন ধরে অবস্থানরত ২৮ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজ ভূখণ্ডে ফিরিয়ে নিয়েছে।

শুক্রবার গভীর রাতে বিএসএফ তাদের সরিয়ে নেয় বলে জানিয়েছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি জানান, ওই ২৮ জন ভারতীয় অংশে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না।

এর আগে গত ৪ জুন ভোরে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিল। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়।

পরে ওই ব্যক্তিরা ভারতীয় অংশের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা সেখানে প্রায় দুই দিন অবস্থান করেন।

বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ্দাম হোসেন বলেন, শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করছিলেন। অবশেষে বিএসএফ তাদের সেখান থেকে সরিয়ে নেয়।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম আরও বলেন, “সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content