প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ২:০৩:১৬ প্রিন্ট সংস্করণ
অতিরিক্ত সময়ের লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে জয় এবং সেমিফাইনাল নিশ্চিত হলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, প্রত্যাশামতো খেলতে পারেনি আর্জেন্টিনা এবং দলকে আরও উন্নতি করতে হবে।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, সুইজারল্যান্ড শুরু থেকেই তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।
তিনি বলেন, ‘আজ আমাদের ভুগতে হয়েছে। আমরা জানতাম তারা শারীরিক ফুটবল খেলে অভ্যস্ত। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, আর সেখান থেকে বের হয়ে আসতে আমাদের বেশ পরিশ্রম করতে হয়েছে।’
ম্যাচের গুরুত্বপূর্ণ বাঁক ছিল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর লাল কার্ড। স্কালোনির মতে, ওই ঘটনার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে সক্ষম হয় আর্জেন্টিনা।
তিনি বলেন, ‘ভাগ্য আমাদের পাশে ছিল। তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পর থেকেই আমরা আরও বেশি আক্রমণে যেতে শুরু করি।’
জয়ের পরও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না আর্জেন্টাইন কোচ। বরং তিনি মনে করেন, দলের আরও উন্নতির প্রয়োজন রয়েছে।
স্কালোনি বলেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। তবে শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ সবসময়ই বিশেষ।’
দলের খেলা নিয়ে আত্মসমালোচনা করলেও খেলোয়াড়দের অর্জনে গর্ব প্রকাশ করেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাকে তিনি ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করেন।
তার ভাষায়, ‘এই দল যা অর্জন করেছে, তা ঐতিহাসিক। আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম, কিন্তু আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারা অবশ্যই একটি ঐতিহাসিক অর্জন।’
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে এই মুহূর্তে প্রতিপক্ষ নিয়ে নয়, বরং খেলোয়াড়দের শারীরিক পুনরুদ্ধারকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি।
তিনি বলেন, ‘আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা দারুণ ফুটবল খেলছে এবং তাদের একজন অসাধারণ কোচও আছেন। কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই ম্যাচের ধকল কাটিয়ে ওঠা। এরপরই আমরা সেমিফাইনাল নিয়ে ভাবব।’









