খেলাধুলা

মিশরের অভিযোগের পাল্টা জবাব স্কালোনির, বিতর্কে নতুন মোড়

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ৬:০০:৩৮ প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক চলছে, অবশেষে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি দাবি করেছেন, বর্তমান ভিএআর ব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো দলকে সুবিধা দেওয়া প্রায় সম্ভব নয়। স্কালোনি বলেন, ‘ভিএআর থাকলে কাউকে সুবিধা দেওয়া খুব কঠিন। এখানে দ্বৈত ব্যাখ্যার সুযোগ নেই।’

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। শেষ ১১ মিনিটে তিন গোল করে ৩-২ ব্যবধানে জিতে শেষ আটে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি জানায় মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে মোস্তফা জিকোর বাতিল হওয়া গোল নিয়ে। মিশর তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। জিকোর শট জালে যাওয়ার পর ভিএআর পর্যালোচনায় আক্রমণের শুরুতে মারওয়ান আতিয়ার ফাউল ধরা পড়ে। ফলে গোলটি বাতিল করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।

স্কালোনির মতে, ‘আতিয়া লিসান্দ্রো মার্তিনেজের পায়ে চাপ দিয়েছিলেন। সেই ঘটনার পর আর্জেন্টিনা বলের দখল ফিরে না পাওয়ায় একই আক্রমণ চলছিল। তাই ভিএআরের হস্তক্ষেপ নিয়মসঙ্গত ছিল। অল্প হোক বা বেশি, পায়ে চাপ পড়লে সেটি ফাউল।’

মিশরের পেনাল্টির আবেদন নাকচ হওয়া নিয়েও অভিযোগ উঠেছিল। তবে স্কালোনির দাবি, কোনো সিদ্ধান্তেই আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় বিতর্ক বাস্তবের চেয়ে অনেক বড় হয়ে ওঠে বলেও মনে করেন তিনি।

বিশ্বকাপের আগে রেফারিং ও ভিএআরের প্রয়োগ নিয়ে দলগুলোকে বিস্তারিতভাবে বোঝানো হয়েছিল বলে জানিয়েছেন স্কালোনি। তার মতে, টুর্নামেন্টে এখন পর্যন্ত সেই নির্দেশনাই কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

আর্জেন্টিনাকে রেফারিরা সাহায্য করেন, এমন অভিযোগ নতুন নয় বলেও মন্তব্য করেছেন স্কালোনি। বড় প্রতিযোগিতায় নিয়মিত শিরোপার দাবিদার হওয়ায় বহু মানুষ আর্জেন্টিনার হার দেখতে চান বলে মনে করেন তিনি। গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ায় এবার বিরোধিতার মাত্রা আরও বেড়েছে।

তবে এসব অভিযোগকে চাপ হিসেবে নয়, খেলোয়াড়দের অনুপ্রাণিত করার অস্ত্র হিসেবে ব্যবহার করছে আর্জেন্টিনা। স্কালোনি জানিয়েছেন, বাইরে অনেকেই তাদের জয় চায় না, এই বার্তাটি খেলোয়াড়দের আরও ভালো খেলার জেদ বাড়িয়ে দেয়।

আরও খবর

Sponsered content