সিলেট ব্যুরো: ২২ মে ২০২৬ , ১০:৫৬:৫৪ প্রিন্ট সংস্করণ
সিলেটে নিজ কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে সিলেট মহানগরীর জালালাবাদ থানার পুরাতন কালারুকা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস)। সে ওই এলাকার মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর কন্যা। আটককৃত মায়ের নাম সুবিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে আমির আলী ফজরের নামাজ আদায় করতে গেলে ওই সময় ঘরের ভেতরে ঘুমন্ত শিশুকন্যা তোহাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। নামাজ শেষে ঘরে ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আটক সুবিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














