অপরাধ

বনানীর কড়াইল বস্তিতে কিশোর গ্যাং এর হামলায় এক যুবকের আঙ্গুল বিচ্ছিন্ন

  নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ২০২৫ , ২:৫৭:৫১ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবকের বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে নিয়েছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা। ওই যুবক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী মো. আব্দুর রহমান রাকিব। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) দুপুরে বনানীর কড়াইল বস্তি সংলগ্ন এরশাদ মাঠ এলাকায় অবস্থিত তার বাসায় স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীব দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় চাপাতির আঘাতে তার হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

হামলাকারীদের একজন পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা। তার নাম তামিম।

ঘটনা সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে সামাজিক বিচারে রাব্বিকে জরিমানা করা হলে সে প্রতিশোধের হুমকি দেয়। সম্প্রতি এনসিপি ও শাপলা প্রতীক নিয়ে রাকিবকে নিয়ে কটূক্তি করছিল ওই চক্র। এর জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে রাকিবের স্বজনরা।

রাকিব জানায়, “সে ও তার ছোট ভাই জুলাই আন্দোলনে যুক্ত ছিল। ৫ আগস্টের পর থেকেই কিশোর গ্যাং এর সদস্যরা তাকে নানা হুমকি দিচ্ছিল। বুধবার দুপুরে ওরা চাপাতি, লাঠিসোডা নিয়ে বাসায় হামলা চালায়। হাত তুলে কোপ ঠেকাতে গেলে আঙুল কেটে যায়।”

তিনি আরও জানান, হামলাকারীরা যাওয়ার সময় তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

অন্যদিকে ওই কিশোর গ্যাং সদস্যদের অত্যাচার অতিষ্ঠ এলাকাবাসী জানায়, ওরা ফিটিং, চুরি, ছিনতাই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিদিনই এরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায়। তাদের কেউ কিছু বলতে গেলে হামলা করে।

আরও খবর

Sponsered content