মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৬ জুন ২০২৬ , ১১:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একটি নিয়মিত মামলার ১ জন আসামিকে আটক করা হয়।
এ সময় ২ জনকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ২১ দিনের এবং অপরজনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বকুল আলী, দেলোয়ার, আসলাম আলী, খলিল, রহিত ইসলাম, আসাদুল্লাহ, সুমন আলী, সালাম, দুলাল, জাহিরুল ইসলাম, আলীম, জুয়েল রানা, বাবু, শাহিন রেজা, হযরত আলী, শ্রী কৃষ্ণ চৌধুরী, নয়ন হালদার, নাসির উদ্দিন, রাকিমুদ্দিন, জাহিদ হাসান কাওসার ও মোমেনা খাতুন।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তালুকদারসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















