অপরাধ

বদরগঞ্জে নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ৩ নভেম্বর ২০২৫ , ২:২৯:৫১ প্রিন্ট সংস্করণ


রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান (৩৮) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে গোপালপুর ইউনিয়নের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক নারী শিক্ষিকাকে অপহরণ করা হয়। গোপালপুর বটতলা এলাকায় লিয়াকত উল্লাহসহ ৭-৮ জন ওই শিক্ষিকাকে মারধর করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়।

পথে শিক্ষিকা চিৎকার করলে তাকে পদাগঞ্জ বাজারের পাশে চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে থানায় এসে অজ্ঞাত পাঁচজনসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষিকা। মামলার পর সোমবার রাতে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে লিয়াকত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, “শিক্ষিকা অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে—এ তথ্য আমি শুনেছি। কেন তাকে আটক করা হয়েছে, তা এখনো জানি না।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক বলেন, “লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। পুলিশ তাকে গ্রেফতার করেছে কিনা, আমি বাইরে থাকায় বিস্তারিত জানি না।”

আরও খবর

Sponsered content