সারাদেশ

সাতক্ষীরা-২: তাজকিন আহমেদ চিশতির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তৃণমূল নেতাকর্মীদের মশাল মিছিল

  সাতক্ষীরা জেলা প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৮:৩৮:১৭ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। দলের তৃণমূল, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতাকর্মী পুনরায় তাজকিন আহমেদ চিশতিকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছেন।

 সোমবার (২৪ নভেম্বর) সাতক্ষীরার সঙ্গীতা মোড় থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে চিশতির মনোনয়নের দাবিতে বৃহৎ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সঙ্গীতা মোড় থেকে নিউমার্কেট হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রদক্ষিণ করে পুনরায় সঙ্গীতা মোড়ে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দাবি করেন, তাজকিন আহমেদ চিশতিকে পুনর্বিবেচনা করে মনোনয়ন দেওয়া হোক। তারা বলেন, “চিশতী সাতক্ষীরা পৌরসভার মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ, পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। রাজনৈতিক প্রতিকূলতা ও দমন-পীড়নও তাঁকে বিএনপি ও গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি। বরং প্রতিকূল সময়ে তিনিই ছিলেন নেতাকর্মীদের সাহস ও শক্তি।”

তাদের মতে, চিশতিকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-২ আসনে বিএনপি বিপুল ভোটে পরাজয়ের মুখোমুখি হবে।

বিক্ষুব্ধ মিছিলে পৌর ওয়ার্ডের সার্চ কমিটির সদস্য কামরুজ্জামান পলাশ, নাসির উদ্দিন বাবু, কামরুজ্জামান মামুন, আমজাদ হোসেনসহ বিএনপির তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বিএনপি জনতার মতামতকে গুরুত্ব দিয়ে ধানের শীষের যোগ্য প্রার্থী তাজকিন আহমেদ চিশতিকে মনোনয়ন দেবে।

আরও খবর

Sponsered content