মেহেরপুর প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ , ৩:১১:৩৩ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্স ল্যান্ডসংলগ্ন এলাকায় কাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর সীমান্তের বাংলাদেশ অংশে কাজ করার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সীমান্তের ১২৪/৪-এস ও ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকায় এসব ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান মেহেরপুর সদর উপজেলার ইছাখালী মসজিদপাড়া এলাকার মৃত নুর বক্সের ছেলে। অন্যদিকে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিক হলেন নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁর দাদা বাড়ির পাশে মরিচখেতে কীটনাশক দিতে যান। এ সময় সীমান্তের ১২৪/৪-এস পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান বলে তিনি দাবি করেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে স্থানীয় কয়েকজন ভারতের লালবাজার গ্রামের ওই দুই নাগরিককে আটক করে বাংলাদেশ অংশে নিয়ে আসেন। পরে তাঁদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান সীমান্তের নোম্যান্স ল্যান্ডসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুইজন ভারতীয়কে ধরে আনা হয়েছে। অতি দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হবে।’





















